নৃপেন্দ্রনাথ মহন্ত


আমাদের দুটো নববর্ষ আছে
        নৃপেন্দ্রনাথ মহন্ত
        
আমাদের দুটো নববর্ষ আছে--
একটা শীতে,অন্যটা কাঠফাটা রোদে।
সুয়ো-দুয়ো দুই বোন তারা
কেউ কারো মাড়ায় না ছায়া।

সুয়ো এলেই 
উড়ে এসে জুড়ে বসে পরিযায়ী পাখিদের দল
ডিম পাড়ে,তা দেয়,ডিম ফেটে ছানা হয়।
তারপর
ধীরে ধীরে  ছানাদের ডানা পোক্ত হলে
নববর্ষ ঝোলায় পুরে উড়ে যায়;
কোথায় কোথায়?
কে জানে কোথায়,হয়তো আদি বাসস্থানে- সাইবেরিয়ায়।

যখন চৈত্রের পাঁজরে দীর্ঘশ্বাস জমা হয়
থমকে থাকা বাতাসে কালবৈশাখী হাসে
তখন দুয়োর আসার সময়।
সুয়ো আসে রাজরানি বেশে,দুয়ো ভিখারিনী। 
রুখাসুখা মেয়ের কপোলে অশ্রু বা স্বেদবিন্দু ঝরে।
সুয়োর বুকে ক্রস জ্বলজ্বল করে
দুয়োর গলায় রুদ্রাক্ষের মালা, নিবেদন সর্বসত্ত্বা জুড়ে।

আমাদের দুটো নববর্ষ আছে
একটা আসে ক্রিসমাসের আনন্দ পেরিয়ে
অন্যটি গাজন-চড়কের বড়শি গেঁথে পিঠে।
তার ব্যথাদীর্ণ বুকেপিঠে কে দেবে সুচারু লেপন?


Post a Comment

3 Comments

  1. দুর্দান্ত সুয়ো দুয়ো
    মুগ্ধতা

    ReplyDelete
  2. অপূর্ব আঙ্গিকে লেখা কবিতাটি

    ReplyDelete