মেখলা ঘোষদস্তিদার



শপথ
মেখলা ঘোষদস্তিদার


ভাবছো কী ভাই ঠিক ভেবেছো পৃথ্বী চক্র তন্ত্রে
আসলো আবার নূতন বছর আবর্তনের মন্ত্রে,

বিদায় দিয়ে সূয্যিমামা চৈত্র শেষের দিনকে
দুহাত ভরে শোধ করে দেয় পুরনো সব ঋণকে,

পদধ্বনি ঐ শোনা যায় কড়া নাড়ার গদ্যে
গ্রীষ্ম আসে খুশির ঝড়ে বার্তা রাখে পদ্যে,

রোদ্দুর তার দীপ্ত তেজে স্বপন আঁকে চক্ষে
দখিন হাওয়ায় নবীন বরণ বৈশাখ নাচে বক্ষে,

দুঃখ জরা সরিয়ে ফেলা রঙিন যাপন গন্ধে
স্বচ্ছ ধারায় বর্ষ সাজে আগমনী আনন্দে,

মলিনতা দূরে ঠেলে শুদ্ধ চেতন কল্পে
নবীন প্রবীণ মাতে সবাই শান্তি ভাবের গল্পে,

কবিগুরুর গানের দোলায় বৈশাখী রং ঝলকায়
যায় ভেসে যায় সুর গহীনে হৃদয় খোলা জানালায়,

নববর্ষে শপথ বাণী লক্ষ্য পূরণ ছন্দে
মিলেমিশে এগিয়ে চলা ঘূর্ণি মায়ার ধন্দে।

Post a Comment

4 Comments