নববর্ষ


শুভ নববর্ষ

বর্তমানের কাঁধে ভর দিয়ে , 
অতীতকে আঁকড়ে ধরে ---
ভবিষ্যৎকে খোঁজার অনেক চেষ্টা করেছি ;
দিন যায় --মাস যায় -- যায় বছর। 
এবড়ো খেবড়ো বন্ধুর পথ ধরে ---
হাঁটতে হাঁটতে -- কখনো পথে 
স্নিগ্ধ গাছের ছায়া খুঁজেছি , 
সামান্য বিশ্রামের জন্য। 
কখনো রাতে খুঁজেছি আশ্রয়, 
এক চিলতে ভোরের অপেক্ষায়। 
খুঁজেছি কখনো সামান্য আহার ও জল, 
দেহটাকে শান্ত করব বলে।   
কেউ সরিয়ে নিয়েছে ছাতা 
কেউ বা বন্ধ করেছে মনের আগল 
কেউ কেড়ে নিয়েছে শেষ অবলম্বন টুকু 
বন্ধ হয়েছে সিংহদুয়ার, 
 ক্রমশ আলগা হয়েছে সব খিলান। 
বুক ফাটা  তৃষ্ণায় পুষ্করিণী
খোঁজার সময় পাই নি 
এঁদো ডোবাতেই  -----
স্বাস্থ্য ভাঙেনি , ভেঙেছে হৃদয়। 
শুকনো খসে পড়া পাতার মত , 
আঁচড় কাটা খাতার  পাতা ----
জড়ো হয়েছে অনেক -- অনেক।
তাতে কিছু দীর্ঘশ্বাস , কিছু অভিমান , 
কিছু বেদনা , কিছু অনুতাপ ---
জ্বলন্ত মোমবাতি গলে গলে --- 
লেখার টেবিলটাকে যেমন করেছে, 
তেমনি আমার অন্তরের কুঠুরিতে 
পাওয়া না পাওয়ার 
অনেক জীর্ণ জঞ্জাল -- হত-আহত। 
আজ চৈতের "চিতা ভস্ম "উড়িয়ে   
যেন কার উন্মাদ - উচ্ছ্বল - উপস্থিতির 
কাল বৈশাখীর ঝড় -- সব , ভেঙে চুরে
ধুয়ে মুছে সাফ করে দিল আমাকে। 
সে আমার , একান্ত আমার - কবিতা
যে আমার জীবন দুয়ারে 
কড়া নেড়ে বলল শুভ নববর্ষ।।

Post a Comment

2 Comments