বনশ্রী চৌধুরী


প্রথম ভালোলাগা
 বনশ্রী চৌধুরী

কিশোরী থেকে যুবতী
সবেমাত্র তখন দিয়েছি ষোলতে পা--
সেই রাতটিও ছিল পূর্ণিমার রাত
আজও স্পষ্ট--স্মৃতির আভায়

হঠাৎই এক অদ্ভুত মুহূর্তে 
তার সাথে আমার প্রথম দেখা।
কতক্ষণ -- ঠিক কতক্ষণ ! মনে নেই--
অপলক দৃষ্টিতে দু'জন দু'জনার দিকে    
                     তাকিয়েছিলাম---

আজ আর মনে পড়ে না।

সম্বিৎ ফিরলো আশপাশের কোলাহলে
মনের ভেতর ঘুরপাক খাচ্ছিলো
                        মায়ামাখা মুখ , 
কিন্তু সেই চাহনি কিছুতেই সঙ্গ ছাড়লো না।
তাহলে এটা কি হচ্ছে ! এই অনুভূতিটা কি ! 
আমাকে অমন আচ্ছন্ন করে রেখেছে,
             কেন ? কেন ? কেন ?

কাকে জিজ্ঞেস করবো ? কি জিজ্ঞেস করবো?
                             ভেবেই সারা --
কিন্তু কিছু তো একটা হয়েছে আমার !
আমি যেন কেমন হয়ে গেছি !
ঐ চোখ দু'টো তো কিছুতেই পিছু ছাড়ছে না!
তাহলে কি আমি তার প্রেমে পড়েছি ?
প্রেম কি এমনই বেদনাদায়ক হয় ?

সেও কি আমার কথা ভাবছে ! 
কী করে জানবো ?
কীকরে জানাবো আমার ব্যাকুলতা ! 
কোনো কথাই তো হয়নি তার সাথে ! 

জনসমক্ষে দেখেছি তাকে বেশ ক'বারই 
কিন্তু কথা বলা তো দূর,
তাকাতেই লজ্জায় মরে যাই !
কেন যেন মনে হতো আমার ---
হয়তো সেও ভালোবাসে আমায়।

কতকাল চলে গেছে-আজও সেই চোখ দুটো
             আমায় তাড়া করে ফেরে--- 
একটিবার জানতে চায় প্রবঞ্চিত মন--
সেও কি আমায় এতটুকু ভালোবেসেছিলো ?
ক্ষণিকের জন্যও কি আমাকে তাঁর মনে পড়ে ?

জানা নেই ! জানা নেই ! আর জানা যাবে না।
ভালোবাসা বুঝি বুকের ভেতরে 
          অমনি গুমরে গুমরে কেঁদে মরে।
                  

Post a Comment

5 Comments