সোমা মুখার্জী


(Shelly ...র  #Ode_to_the_west_wind কবিতা টির অনুবাদ..#কালস্রোতে থেকে)

ওগো পশ্চিমাবায়
   সোমা মুখার্জী

ওগো সুদূরের পশ্চিমাবায়,
তুমি বহে আন শরতের এই
আকুল নিশাস খানি,
দূরে ফেলে দিয়ে বিবর্ণ যত শুষ্ক পত্ররাজি,
নবীন প্রাণের আলো দাও প্রাণে আনি।।

শীতের প্রবাহে ঝরে পড়া যত জীর্ণ বীজের রাশি,
তোমার রথেতে বহন করিয়া তারে,
রাখ আনি ভূমি মাঝে,
নবীন সে আসি বাজাবে যে বাঁশি,
স্বপনে ভরিবে ধরা,
বর্ণে গন্ধে পুষ্পে তখন পৃথ্বী যে মনোহরা।।
পশ্চিমা বায় তোমা মাঝে আছে ,
ফুল্ল ধরার প্রাণ,
শীতের ডালায় সঞ্চয় কর ,নব জীবনের গান।।

তোমার  চলার  বেগে,  আকাশ হইতে খসে পড়া
 যত ছিন্ন মেঘের  রাশি, জীর্ণ পাতার মত,
ভেসে চলে নদী পথে।
বিদ্যুৎবাহী তোমার  প্রশাখা গুলি,
আনুক করুণা বৃষ্টির ধারা হয়ে।
দেবদূত সম জুড়াক সবার প্রাণ,
নূতন ঝড়ের বার্তা আনুক বহে।।

আকাশ কাঁপানো ঘন বৃষ্টির ধারা,
ছুটিয়া চলুক সুন্দরী এই ঘন নীল ধরাতলে।
প্রবল পবনে উড়ুক কেশের রাশি,
দিক্ হতে ওই দিগন্তেরই পারে।
নব ঝঞ্ঝার সংবাদ দিক আনি।।

শব-যাত্রার অন্তিম গান তুমি,
তোমার কন্ঠে গতবর্ষের মৃত্যুর গান বাজে,
ঝড়ে লুন্ঠিত গহন রাত্রি কালো,
স্মৃতির সৌধ হেন,
বিদ্যুৎরেখা বিম্বিত হয়, স্মৃতির ফলক মাঝে।।
ঘূর্ণায়মান ঝড়ের গতির সম,
ভয়ঙ্করের বার্তা বহিয়া  আনে।।
ওই শোন....ওই শোন...

প্রবল ঝড়ে কাঁপিয়ে তোলো অকূল পারাবার,
স্বপ্ন মাঝে বিভোর ছিল সে যে,
নিয়ে তাহার  সকল নদীর ধারা,
দ্বীপের বুকে প্রমোদ ভবন মাঝে।
হঠাৎ কাঁপন লাগে তাহার বুকে,
তরঙ্গাঘাত বাজে।।
তোমার প্রবল শক্তির কাছে সমুদ্র হার মানে।
সাগরের তলে তব গর্জন শুনে,
নানা উদ্ভিদ -রাজি, ভয়ে ভয়ে দিশাহারা,
কম্পিত চিত তারা তব আহ্বানে ।।
ওই শোন..ওই  শোন...

হতাম যদি ঝড়ে ওড়া, জীর্ণ পাতার রাশি,
হতাম যদি ঝড়ের মুখে ভাসা, ছিন্ন মঘের দল,
অসীম, অতুল শক্তিমান সে, তরঙ্গে উচ্ছল,
মুক্ত,  স্বাধীন -গতি,
প্রাণ-প্রাচুর্য্যে পূর্ণ সদা,তারুণ্যে ঝলমল,
তোমার সাথে উড়ে যেতাম চলে,
সকল বাঁধন-হীন।।

কর আমায় তোমার বীণাখানি,
যেমন করে উতল হাওয়ায় বাজাও বনের বীণা,
বাজাও মোরে সুরে।
উড়ুক ঝড়ে জীর্ণ  পাতার রাশি,
বিষাদ মাঝে উঠুক বেজে, নতুন আশার সুর।
রুদ্র  তুমি, তোমার  সাথেই একাত্ম হই আমি।।

যতেক আমার জীর্ণ ভাবনা গুলি, দূর করি দাও তারে,
ঝরে পড়া  যত শুকনো পাতার মত,
নব স্বপ্নের অঙ্কুর দিক আনি
ধরার বক্ষে নূতন প্রাণের মত।
শিখা হতে যথা স্ফুলিঙ্গ দল, উড়ে চলে সারে সারে,
মোর এ কাব্য ধ্বনিত হউক, মানবের ঘরে ঘরে।
আমার  লেখনী ,তোমার  শৃঙ্গরবে,
নবীন আশার আশ্বাস  দিক আনি।

প্রবল পবন,
জীর্ণ  যা গেল দূরে....
নবজন্মের বার্তা  সে বহে আনে.....

Post a Comment

12 Comments

  1. অনবদ্য লেখা। সুন্দর উপস্থাপনা।

    ReplyDelete
    Replies
    1. খুশি হলাম। ভালোবাসা

      Delete
  2. অপূর্ব অনুবাদ

    ReplyDelete
    Replies
    1. খুব খুশি হলাম
      ভালোবাসা

      Delete
  3. খুব খুশি। ভালোবাসা রইল

    ReplyDelete
  4. Replies
    1. খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল..

      Delete
  5. অসাধারণ অনুবাদ । প্রেরণার শক্তিতে ভরা । আসল কবিতীটিকেই নিজের ভাষায় পাওয়া গেল পুরোপুরি
    নয়ন রঞ্জন মুখার্জি ।।

    ReplyDelete
    Replies
    1. এমন মন্তব্যে অনুপ্রাণিত হল কলম

      Delete
  6. শেলী আজি প্রাণ পেয়েছে পশ্চিমা বাতাসে
    আসিয়া উড়ে ছুঁয়েছে আমার মন,
    সোমাদিদির বাংলা অনুবাদে
    হাসিয়া উঠে গাইছে গান বাঙালি বুকে অনুক্ষণ ।
    অনবদ্য লিখেছেন ।

    ReplyDelete
  7. আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম
    অনেক শুভেচ্ছা রইল

    ReplyDelete
  8. অনন্য অনুবাদে মুগ্ধ হলাম

    ReplyDelete