নাসরিন সুলতানা


১লা বৈশাখ
নাসরিন সুলতানা

তুমি আসবে বলে বসন্ত ছেড়েছে পথ
হাওয়ারা হয়েছে ব্যকুল,রোদ্দুর উঠেছে হেসে।
তুমি আসবে বলে বৈশাখী কাজলে সেজেছে মেঘ।
বাউল হাতে নিয়েছে একতারা।
নিকানো উঠোনে বধূ তার আল্পনায় বন্দনা করেছে তোমার।
বউ কথা কও পাখিরা গাছে সরব।
তুমি আসবে বলে পাড়ার ছেলে মেয়েরা বেঁধেছে ঘুঙুর
নৃত্যের মাতাল হাওয়ায় ভেসেছে দূর্দান্ত!
তোমার অপেক্ষায় সযতনে গুছিয়ে রেখেছি চন্দন এক বাটি,
এক কৌটা সিঁদূর,এক শিশি আলতা আর মাটির কিছু প্রদীপ।
আর.....!
আর গলা ভেজানো কিছু গান।
আর....!
রঙিন কিছু স্বপ্নের বীজ বুনেছি বোশেখী রোদে।
তুমি আসবে বলে বাতাসের বুকে চন্দ্রিমা
রুমঝুম বাজে অন্তরে।
শিরিষের শাখায় লাগলো দোল
শিমুলের তুলো উড়ে গেলো তুমুল ফোয়ারায়।
তুমি এলে পান্তা,পেঁয়াজ, মরিচ আর ইলিশের গন্ধ মাখিয়ে দিবো  শরীরে।
ভুলে যাওয়া ষোড়শীর দু'চোখের মায়া বিঁধে যাবে তোমার কণ্ঠে।
মৃৎশিল্পীরা তোমার কোঁচড়ে ভরে দিবে শৈল্পিক ভালবাসা।
হরেক রঙের রঙিনে মেতে উঠবে বাঙালি।
তুমি এসেছো বলে এ বাংলায় ফিরে এলো রবীন্দ্র নজরুল আর লালন....
গান আর কবিতায় পরাবে তোমায় ভালবাসার পায়েল।
তোমার আগমনে পুরাতন ভুলে নতুনের উত্তরীয় উড়ে যাবে এপার ওপার বাংলায়।
সব বাঙালির পরাণে বেঁজে যাবে এসো হে বৈশাখ এসো এসো....!

Post a Comment

1 Comments

  1. নব দিন আসবে বলে
    অপূর্ব লেখা

    ReplyDelete