শুভা ব্যানার্জী



এ বসন্তে


এ বসন্ত ঝরিয়ে দেবে বাদল  স্মৃতি চোখের জল,
আজি বসন্ত ফিরিয়ে দেবে
মায়ের আঁচল প্রেমের পল।
এ বসন্ত ভরিয়ে দেবে
জারুল ডালে মোমের দুল
আজি বসন্ত পরিয়ে দেবে
শ্যামলা মেয়ের কানে
সোনাঝুরির ডোকরা দুল।
আমি তোমার ডাক পাই নি
আমি তোমার দুঃখী ফাগুন মাস।
আমি খোয়াই পান্থ পথিক
একলা বাউল,
নদীর হা হুতাশ।
আজ ছিল দিল খোলা আবীর
আজ কত কী ছিল সম্ভব
তুমি যদি আজ হ'তে দোল
বসন্ত উৎসব।
শিমূল হ'ত পলাশ হ'ত
কৃষ্ণচূড়া লাল !
তোমার সোনাঝুরি শাড়ি
হ'ত নেশায় বে-সামাল।
বসন্ত দিন যাচ্ছে চলে
বসন্ত দিন যায়।
আবীর আমার উড়ে যাচ্ছে
অন্য ঠিকানায়।
বসন্ত দিন যাচ্ছে চলে
বসন্ত উৎসব....
আজ রাতে ঘোর পূর্ণিমা
আজ সবকিছু সম্ভব।

Post a Comment

0 Comments