কিংবদন্তি বসন্ত-বীজ
জ্বালিয়ে রেখে কিংবদন্তি সেই যে গেলে মাহেন্দ্রক্ষণ
কালপুরুষের দৃষ্টি মেখে টানছে ঘোরেল দৃশ্য ঘুড়ি দিগ্বিজয়ে
আসছো কখন বাবুই ঠোঁটে বুক বেঁধেছি প্রতীক্ষাতে শবরী মন ।
ভালোবাসার জলোচ্ছ্বাসে ভিজছি যেমন পুড়ছি তেমন
ভাটার শোকে উনুনমুখী অভিমানের নির্জনতায় কাল নিদাঘে
' যাচ্ছো কোথায় ',কেমন আছো ,পড়শী মুখে ঘুরছে শমন !
বাইরে যখন জ্যোৎস্নালোকে ভিজছে শহর ঘুমের প্রহর
সর্ষে-বিহীন পায়ের তলায় এঁটেল মাটি বসন্ত- বীজ করছি বপন
নিরুদ্বেগের ধ্যান মুখোশে ডাকছি এবার ফুল ফুটিয়ে যাস্ রে ভ্রমর ।
আজ না হলে পরশু কিংবা তরশু ভোরে আসতে পারে মাহেন্দ্রক্ষণ
পথ হারানোর অভীপ্সাতে বাবলা কাঁটা সন্ততি কাঁধ জোঁকের কামড়
চক্রাকারে সাগর উড়ে পাহাড় ঘুরে অমল সুধা একক এবং মহান জীবন ।


1 Comments
অসাধারন কথামালা ভাই অসাধারন
ReplyDelete