নীরব শহরের অন্তরে...
বিচ্ছিন্ন মুহূর্তদের ভীড়ে মন-পাখিদের জমায়েত...
বেহিসাবি সময় নাকি শুধুই নীরবতা ?
শহরে লাগোয়া নদী আর ভেঙেচুড়ে যাওয়া এক কবি ...
শব্দদের আনাগোনা কিছুটা আজ যেন নির্বাক পরকীয়ার মতনই !
বিষণ্ণ দুপুরে কবিতা লিখতে লিখতে ঝিমিয়ে পড়ে পাহাড়টাও ....
নীরব , শান্ত আবার কখনো প্রচন্ড আতঙ্কে আর্তনাদ --" আহ ! বড্ড কষ্ট "!
আচ্ছা --ওই যে মুষড়ে পড়া চাঁদটা -- তার কখনো ইচ্ছে হয় পবিএ হতে ?
ওই যে একলা রাতে বহমান নদী --তার কখনো সাংঘাতিক বেগে উপচে পড়তে স্বাদ হয় ?
নাকি প্রাকৃতিক ক্রিয়াগুলো আজ বড্ড স্বাভাবিক ? একেবারেই নিয়ম-মাফিক হতে হতে আজ ওরাও বড্ড বেশী শহুরে ?
রোজ রাতেই শহরে ছুটে চলে হাজারো মানবী ,
কখনো পার্ক-স্ট্রিট মোড়ে , কখনো আবার সোনাগাছির এঁদো স্যাঁতসেঁতে ঘরে ...
বিক্রি হয় শরীর ঈশ্বরের কাছেই !
তবুও নির্বাক শহর কখনো ছুঁয়ে দেখেনা এঁটো মনগুলোকে !
আবারও সকাল-সাজে ট্রাফিক-সিগনাল ভেঙে কবি হয় পুরুষ ...
ট্রাম লাইনে থমকে দাঁড়ায় শব্দগুলো ...
প্রতিদিন চলে বিকিকিনি বাজার-দরে ...
হকারীর গলায় তখন --"হরেক মাল ১০ টাকায়"!
যৌনতায় শিকড় উপড়ে ফেলতে চায় শহর ...
বুক চিঁড়ে বেরিয়ে পড়ে গুছিয়ে রাখা বনেদিয়ানা !
নীরব শহরের অন্তরে তখন শুধুই আগুন-জ্বলে ...
আক্রান্ত হয় কবিরা ...
বিষাক্ত জল পান করে বেরিয়ে আসে বোবা আর্তনাদ --"উফফ ! বড্ড যন্ত্রণা !"
ঠিক সেই সময়ে নারীর শরীরে জন্ম নেয় --কবিতা ! !


1 Comments
সেই কবিতা, যে কবিতা হাজারো ভিড়ে হারিয়ে যায় না।অনেক শুভেচছা ও ভালবাসা বোনটি
ReplyDelete