নববর্ষ
তোমার আমার
শিপ্রা দে
বাঙালি তোমার নববর্ষ,
চৈত্র সেলের কেনাকাটা,
আমার তখন ভাতের লড়াই
তপ্ত কঠিন ইটভাটা।
বাঙালি তোমার পহেলা বৈশাখ,
ইলিশ সাথে পান্তা ভাত,
ইলিশ তোমার উৎসবের
আমার থাকুক শূণ্য পাত।
তোমার গানে ভরল ভুবন,
আমি তখন গড়ছি ভবন,
তোমার গানে উদাস মনে
ইচ্ছে ডানা মেলে জীবন।
কালবৈশাখী তাল মাতাল,
তোমার বৈশাখী ভেজা সকাল,
আমার ঘরে উড়িয়ে চাল
গড়ার কাজে সন্ধ্যা বিকাল।
তোমার ঘরে বৃষ্টি নামে,
জানালার কাঁচ বিন্দু জল
আমি তখন বেশ খুশিতে
তোমার জন্যই ফলাই ফসল।
নতুন জামা নতুন মনে,
তোমার বৈশাখ জনে জনে,
আমি থাকি পুরাতনে
ব্যথা যন্ত্রণা আমায় চেনে।
জানাই তোমায় নববর্ষের,
শুভেচ্ছা ও শুভকামনা
বছর তোমার জন্যই থাকুক
ভুল ত্রুটি কোরো মার্জনা।
আমায় উপেক্ষা তুমি করো,
তবু মানি তোমায় বড়ো,
আমায় যতই ঘৃণ্য ভাবো
তবু স্বপ্ন দেখি বড়ো।


2 Comments
অপূর্ব ছান্দিক প্রকাশ
ReplyDeleteদারুণ
ReplyDelete