রতন বসাক


বিভাগ :- প্রবন্ধ 
অঙ্গীকার হোক সামাজিক স্বার্থে 
রতন বসাক


একদিন একদিন করতে করতে একটা বছর কেটে যায় । আবার একটা নতুন বছর চলে আসে । এভাবেই আমাদের বয়স হয়ে যায় । আমরাও পুরনো হয়ে যাই, আবার নতুন প্রজন্ম আসে । শেষে জীবনের হিসাব করি, কি পেলাম ? আর কি পেলাম না ? সারা জীবন ধরে ।

প্রত্যেক বছরই আমি বা আমরা সবাই কিছু না কিছু অঙ্গীকার করি নতুন বছরের জন্য । অঙ্গীকারটা আর কিছুই নয় । আগামী দিনে কি কি করব আর কি কি করব না, তার একটা পরিকল্পনা । কারো ভালো আবার কারো খারাপ একটা বছর কেটে যায় । বছর কিংবা সময় কারো জন্যই অপেক্ষা করে না । সে তো নিজের মতোই চলতে থাকে, তাকে বাধাও দেওয়া যায় না ।

আমরা অনেকেই বছর শুরু হওয়ার প্রথম দিনেই কিছু অঙ্গীকার করে নিই । আগত দিনগুলোতে কি কি করব ? তার একটা পরিকল্পনা মনে মনে সবাই নিই । এখন পর্যন্ত যে যে খারাপ অভ্যাসগুলো আমার মধ্যে আছে, সেগুলো এবছরে পরিত্যাগ করার চেষ্টা করব কিংবা আর করব না । আবার নিজের ও সমাজের জন্য কিছু ভালো কাজ করার জন্য মনে মনে পরিকল্পনা করি ।

কিন্তু আমরা প্রত্যেকেই মনে মনে যতগুলো অঙ্গীকার করি অর্থাৎ পরিকল্পনা করি । তার সবকটাই বাস্তবায়িত করতে পারি না বছর শেষে দেখা যায় । আবার যেসব অঙ্গীকারগুলো সার্থকভাবে করতে পেরেছি, তার কথা ভেবে মনটা খুশি হয় । আর যেগুলো করতে পারিনি, সেগুলো আবার নতুন বছরে যাতে করতে পারি তার অঙ্গীকার আবার আমরা নিই ।

নববর্ষের প্রথম দিনে শুধু অঙ্গীকারগুলো নিলেই চলবে না । সে গুলোকে বাস্তবায়িত করার জন্য নিজের থেকে কঠোর পরিশ্রম করতে হবে । এর জন্য অন্য কেউ বলে দেবে না কিংবা সাহায্য করবে না । কী কী করবো আর কী কী করবো না ?অঙ্গীকারগুলো তো আমি নিজেই নিয়েছি । তাই সবার আগে নিজেকেই উদ্বুদ্ধ করতে হবে নিজেকে সেগুলো করার জন্য ।

নববর্ষের দিনে লোক দেখানো কিংবা কোথাও লিখে বেড়িয়ে নিজের অঙ্গীকারগুলো সবাইকে জানানো যতটা না ভালো । তার চেয়ে বেশি ভালো হবে যদি কাউকে কিংবা কোথাও না লিখে চুপচাপ সেই গুলো বছরের প্রতিটা দিন করতে থাকি । মুখে বলার চেয়ে বাস্তবে করাটাই শ্রেয় । অঙ্গীকার শুধু নিলে চলবে না, সেগুলো করে যেতে হবে ।

শুধু ব্যক্তিগত স্বার্থের চিন্তা না করে সামাজিক স্বার্থের কথাও চিন্তা করে অঙ্গীকারগুলো নিলে খুব ভালো হয় । কেননা আমরা কেউই একা বাঁচতে পারি না । আমাদের প্রত্যেককে প্রত্যেকের দরকার আছে জীবন পথে চলতে গিয়ে । তাই সবাই ভালো থাকলেই আমি ভালো থাকব । অন্যের ক্ষতি করে নিজের কোন সময় ভালো হয়না ।

অঙ্গীকার সবার মনে এটাই হোক আমরা সবাই ভালোর উদ্দেশ্যে এগিয়ে চলবো । খারাপ যা আছে তাকে মুছে দেব কিংবা তাকে ভালো করার চেষ্টায় উদ্বুদ্ধ হবো । যারা অসহায় কিংবা যাদের প্রয়োজন আছে সাহায্যের । তাদের দিকে আমরা সবাই আসুন হাত বাড়িয়ে দিই, এই অঙ্গীকার করি নববর্ষের প্রথম দিনে ।

                   

Post a Comment

2 Comments