অস্তিনাস্তি কোটায় নতুন আহ্বান
নাহিদ
নিঃসন্তান আকাঙ্ক্ষারা টাঙিয়েছে পাথরপতাকা
বিষদুষ্টের ক্ষুধার্তনেকড়ে দ্বীপ কেড়ে দ্বীপে
নক্ষত্রের প্রবল ঢেউয়ে লুটিয়ে পড়ছে অভিশপ্ত স্বপ্নঘর
নাগরিক মৃত্যুদল সীমানাঘেরা
লৌকিক মানবঈশ্বর অনাত্মীয়
উষ্ণীষ উন্নয়নে শেকলবাঁধা বিধ্বস্ত ঠোঁটগুলো
প্রথাগত বর্ষবরণ নিঃসঙ্গ এক যাত্রা আজ
পায়ে পায়ে হেঁটে চলা কাদামাটির অতিক্রম মাত্র
দাঁড়াও, অদ্ভুত অরণ্য ঘ্রাণ শুষে নিই
সমাপ্ত সূর্যহাসি দো-আঁশলা—
এদিকে মৃত্যু তো ওদিকে জন্ম
দোরগোড়ায়, নতুন দিন— অলৌকিক অনুভূতি
দাও— অযান্ত্রিক সময়
দাও— সবুজ কুহক
নীল নীল অসীম আলোড়ন দাও
লাল লাল কর্ষণে স্বীকার করার শক্তি দাও
খসে পড়ুক ঠাকঠমক অয়োমল, পায়াভারী
দাও— স্ফূর্ত হলুদবৃত্ত বিশুদ্ধ মানুষে
দাও— প্রাণখোলা মরূদ্যান
চারদিকে বিস্ময়—
লোমহর্ষক কাড়ানাকাড়ায় ফসিল-আর্তরব
উপসংহার ঝুলছে—
বিরাট আতঙ্কিত কাঁটাতারে যুদ্ধ
বাঁচাও বাঁচাও এ—পৃথিবী বাঁচাও
ঠাঁই দাও— অন্তঃস্থ শেকড়ে
সাজিয়ে দাও— আদমসত্তায় সর্বগ্রাসী আমাকেই
তাবৎ রহস্যঘেরা অনাবিষ্কৃত গ্রাম এক
অসংখ্য কবিতামেঘ ঝরে বাঁশিকথায়
খুঁজি সে গ্রাম; জন্মভূমি আমার
ফিরিয়ে নাও—
আর একবার—


7 Comments
অপূর্ব লেখা
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteধন্যবাদ
DeleteExcellent poetry
ReplyDeleteMany thanks
Deletereally your verse so elevated.
ReplyDeletemany many thanks
Delete