একাকীত্বের আওয়াজ
বিনিময় দাস
একডুবে মহাসাগরের গভীর থেকে
এনেছি কিছুটা আঁখিজল,
তুমি শুনবে কি মোর বেদনার কোলাহল ?
অপেক্ষার দৃষ্টি আজ যেন অবসাদে ক্ষয়,
কারণ-------
ও দেখেছে তোমার
পূর্বাকাশে রক্তিম সূর্য্যোদয় ৷
ঘন কালো মেঘ সরিয়ে
তোমার আকাশে আজ নিরাপত্তার মোহর,
একাকীত্বের ভারাক্রান্ত হাওয়ায়
দীপশিখা দুলছে-----
হৃদ সাগরে দুঃখের লহর ৷
আজ তোমায় খুব বলতে ইচ্ছে করে.........
পাথরের ওপরে শেওলা,
শেওলা সরালে দেখতে পাবে ফাটল,
ফাটলে রাখো কাণ------ কথারা পাবে বল ৷
ওরা প্রকাশ পাবে আজ,
তুমি শুনতে পাবে
একাকীত্বের খাঁ--খাঁ করা আওয়াজ ৷


2 Comments
অপূর্ব লেখা
ReplyDeleteঅপূর্ব
ReplyDelete