সংঘমিত্রা সরকার


প্রান্তিক 
সংঘমিত্রা সরকার

আমরা কেবল দিন যাপনের গল্প শোনাই ,
শুধু না পাওয়ার হিসেব কষতে থাকি ।
নিরুপায় মন বেড়ে ওঠে বেড়ার পাশের
অস্থায়ী লতা গুল্মের হাত ধরে ।
নীল দুপুরের সংলাপগুলো
কাঁচের চুড়ি আর পুঁতির মালায় আধো তন্দ্রায়
স্বপ্ন গাঁথে অন্ত্যমিলের আশ্বাসে ।
সহসা আধিপত্যে নতুন চরিত্র বিস্তার করে
সাজানো মণিহারী বাক্সে ।
চির বিশ্বাস নাড়িয়ে নিভে যায় আশার আলো ,
এক-পা দু -পা করে পিছিয়ে যায়
দিনান্তের অচিন্ত্যপূর্ব নীলে ।
সেখানে বৃষ্টির দাগ লেগে থাকেনা ঝাউগাছে ,
কবিদের কথা ভেবে ।

এ কেমন জীবনচর্চা সংসারে !
নির্ভরশীলতার পরিপূরক হয় কি শুধু নামেই ?
স্বজনেরা মুখ ফেরায় অন্ধকার ভবিষ্যতের আশ্বাস দিয়ে ,
সব পাওয়ার পরেও দূরে ঠেলে দেয় প্রিয়জন
সামান্য অভাবের অছিলা দেখিয়ে ।
চার দেওয়ালের মলিনতায় মেখে আছে নিঃসঙ্গতা
আর মাকড়শার জালে সান্ত্বনার ভাষা হয়ে দাঁড়ায়
জীবনের অবশেষ অবসরের বাধ্যতামূলক অভ্যাস 

Post a Comment

2 Comments