এক ডজন পাপড়ি
রীনা নস্কর
আজ সবুজ পাতাভরা সময়ের গাছটাতে
একটা কুঁড়ি দেখা দিল ,
ভোরের নিস্তব্ধতায় ঘুম থেকে জেগে উঠছে সবে ,
রাগ অনুরাগ শিশিরে ভিজে
ধীরে ধীরে পাপড়ি মেলে ধরবে
রঙ বেরঙের আকাশের নিচে ,
একে একে বারোটা পাপড়ি প্রস্ফুটিত হবে স্বমহিমায়
কত না ভাঙা গড়া দেনা পাওনার মধ্যে
নিজেকে করবে প্রকাশ ।
চারপাশের পরিবেশকে হৃদয়ঙ্গম করতে করতে
মধ্যাহ্নের তপ্ত রৌদ্রে পৌঁছে যাবে একসময় ।
এরপর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে
হয়তো তার ভালোলাগা গুলো
ফিকে হতে থাকবে ।
পরের পাতায় দেনা পাওনার হিসেব কষতে কষতে
পৌঁছে যাবে বার্ধক্যের খেয়াঘাটে ।
তারপর ........?
তারপর ঝরে যেতে যেতে
একেবারে শেষ পাপড়িতে এসে পৌঁছাবে ,
হৃদয়ে বিষাদের করুন সুর বেজে উঠবে ।
চৈতালীর ঝরা পাতার সাথে
তার শেষ ঝরা পাপড়িটা ও উড়তে উড়তে
চলে যাবে নিরুদ্দেশে !
তারপর .......?
তারপর উদাসী হাওয়ার গতি যাবে কমে
শুরু হবে বৈশাখী পাতা বাহারের আগমন ।
এমনিভাবেই তো জীবনধারা
চলে আসছে অবিরাম ।
পাওয়ার পিছনে হারাবার কালো ছায়া ,
আবার হারাতে হারাতে নিঃস্ব হয়ে যাওয়ার পর
পুনরায় ফিরে পাওয়া ।
এটাই তো প্রকৃতির নিয়ম ॥


4 Comments
অসামান্য
ReplyDeleteপ্রকৃৃৃতি
অপূর্ব লেখা
Darun
ReplyDeleteঅনন্য লেখা
ReplyDeleteসুন্দর লেখা
ReplyDelete