জেগে থাকে যারা
দাঙ্গাবাজের বন্দুকের নলের মুখে
এক বুক-উজাড় সহমর্মিতা তুমি,
জ্বলন্ত খিদের পুড়ে যাওয়া পেটে
আজন্ম পান্তা ভাতের পোয়াতি তুমি,
বিপন্ন বর্ণমালার রাজনৈতিক সমীকরণে
খনি গর্ভের অতল থেকে উঠে আসা তুমি,
যুদ্ধের আণবিক ক্ষতের যন্ত্রণা বেলায়
পুকুর পাড় জুড়ে ছড়ানো সজনে ফুল তুমি,
বৈবাহিকের হোম নেভা শেষ চিতা কাঠে
শূন্যতা ভরা অন্তরমহলের স্থৈর্য তুমি,
মা হারানো- শেষ ভোরের অস্থির শিশু মুখে
জাপটে জড়িয়ে থাকা- পিতার লোমশ বুক তুমি,
বাঁশ বাঁধা নাটমন্দিরের উৎসব মুখর দিনে
নিষ্পাপ শিউলি বেলার সাদা আশ্বাস তুমি!
এখনও রাতেরা খবর নেয় নিঃশ্বাসের নাভিস্থল,
মেঘকন্যারা উসখুস হলে তোমাকে স্মরণ করে,
প্রমাণ রেখে যাও বাক্ হীন চঞ্চল ভালোবাসা হয়ে,
এ কোন আলিঙ্গন ভরা মানব বন্ধনে জেগে ওঠো,
আদরে আদরে আমাকে ভাসিয়ে নিয়ে যাও -
উচ্চারণে উচ্চারণে মধু মাখা আগুন জ্বালাও-
দুঃস্বপ্নের অস্তিত্ব হীনতায় তোমাকে জড়িয়ে
কেঁদে উঠি - আমার সাতসকাল - "বাংলা ভাষা"!


5 Comments
যে ভাষায় ভাইয়ের কলমে সৃষ্টি হয়ে যায় অপূর্ব কবিতা।
ReplyDeleteঅনেক ভালোলাগা ।ধন্যবাদ ।
ReplyDeleteকবিতায় চমৎকার বলা ।
ReplyDeleteঅনেক ভালোলাগা দাদা
Deleteখুব সুন্দর
ReplyDelete