সুমিতা দাস








সবুজ দ্বীপে আমি 


চেনা ছিলে,
তবুও সামনে গিয়ে হাত বাড়িয়ে বলেছিলাম,
বন্ধু হবে আমার?
সেদিন,
জীবনের প্রতিটি স্তবকে শুধু
তোমায় অনুভব করেছিলাম।

তোমার জলোচ্ছ্বাসের মুখোমুখি বসে যুগান্তরের কথামালায় সাজিয়েছিলাম নির্জন তট।

অবাক দৃষ্টিতে তাকিয়ে ,
আবিস্কার করতে চেয়েছিলাম
তোমার বলে যাওয়া কথাগুলোকে।
জানি,
জলের কোন রং হয় না?
তবুও,
সূর্যের রশ্মিতে ঝলমল তোমার সাত রঙা স্রোত।
কখনো বা মেঘ বৃষ্টির খেলায়
অভিমানী হয়েছো নিজের ধারায়,
কখনো আবার অহংকারী পুরুষের মতো গর্জন তুলেছো
বহমান প্রবৃত্তিতে,
কখনো আবার শান্ত ধীর স্থির !
যেন সবুজ পাহাড়ে ঘিরে রূপসী হয়েছো নীল আঁচল ছড়িয়ে।
সেদিন,
তোমার বুকে মাথা রেখে হয়েছিলাম নীরব প্রেমিকা,
পিপাসা মেটাতে পান করেছিলাম তোমার লবণাক্ত
ভালোবাসা।
লোলুপ দৃষ্টির নজরে ছিল কোরালে ঘেরা রঙিন সত্যটা।

আকাঙ্খার গোপন চাহিদায়
হয়েছি কোরাল দ্বীপের রাণী।
তৃপ্তির জীবন্ত দর্শনে হাত বাড়িয়ে বলি ,
আরো একবার!
বন্ধু হবে আমার ???

Post a Comment

0 Comments