কুড়ি বছর পর - জীবনানন্দ দাস

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয় 
 আবার বছর কুড়ি পরে- 
 হয়তো ধানের ছড়ার পাশে 
 কার্তিকের মাসে- 
 তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী 
 নরম নরম শর কাশ হোগলায়- মাঠের ভিতরে! 
 
 অথবা নাইকো ধান ক্ষেতে আর, 
 ব্যস্ততা নাই আর, 
 হাঁসের নীড়ের থেকে খড় 
 পাখির নীড় থেকে খড় 
 ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল! 
 জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি, কুড়ি, বছরের পার,- 
 তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার! 
 হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে 
 সরু- সরু- কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, 
 শিরীষের অথবা জামের 
 ঝাউয়ের-আমের, 
 কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে! 
 
 জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার- 
 তখন আবার যদি দেখা হয় তোমার আমার! 
 তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে- 
 বাবলার গলির অন্ধকারে 
 অশথের জানালার ফাকে 
 কোথায় লুকায় আপনাকে! 
 চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে- 
 সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে- 
 কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!
 


Post a Comment

1 Comments

  1. ওয়েব পেজ টা বেশ ভালো লাগলো। সাহিত্য-গুণসম্পন্ন এমন ওয়েবজিনের প্রয়োজন আছে।

    ReplyDelete