সূর্য প্রত্যয়
জানি নিরাশা বাড়ছে ক্রমাগত , চতুর্দিকে
সমস্ত রীতি নীতি পড়ছে ধ্বসে বর্বর হাতে
নারীর সম্মানও আজ পর্যুদস্ত প্রকাশ্য দিবালোকে
যে বৃদ্ধ তাকিয়েছিল যোদ্ধার মত তীক্ষ্ণ চোখে
তারও , হাতে এখন কম্পমান লাঠি ।
তবু নয় , এসময় , আত্মসমর্পণের
এর চেয়েও কালো রাত দেখেছে অনেকে
তাকাও ইতিহাসে
একবার ছেড়ে গেলে ঘর , ধ্বংস স্তুপ হয়
বিরান মাঠে কাঁদে শুধু রাতচরা , মধ্যরাতে ।
সময় , সূর্য প্রত্যয় , হয় সঙ্ঘবদ্ধ ধীরে ধীরে
তমশা ভেদ করে , জাগে পূবের দীপ্ত রস্মি- - -
এ মাটি আমার , এ রাজপথ - সভ্যতা আমার
আমার থালায় গরমভাত , ঘর-পরিবার শহর
পারে না কলুষিত হতে কিছু অমানবের হাতে
আমার সুরক্ষা , সম্মান এবং অস্তিত্ব
আমার জন্মগত অধিকার
চাই আমি সভ্যতার ধারাতে ।


0 Comments