বৈশালী গাঙ্গুলী


নতুন দিনের স্বপ্ন
         বৈশালী গাঙ্গুলী 

বুকে ভয় চোখেমুখে ঝড়-
এমন করে ধিকিধিকি জ্বলে শেষ হবে শহরের মলিনতা, হিসাবনিকাশের অবক্ষয়।
হতেই হবে- দাঁড়িয়ে আছে যে দরজায় নতুন বছর।

এমন নির্জন বাঁকে, তোমাকে লিখতে বসেছি ভাব ভাব স্বপ্নের দুটি কথা;
চিঠি বলাই শ্রেয়- কবেই বা লিখতে পেরেছি বলো, তোমার মনের মতো-
পাথর থেকে ঝর্ণা আর আকাশ থেকে বৈশাখী ঝড় তোলার মতো কবিতা।

কত শত ঋতুর রঙ মেশানো মিছিল দেখেছি জানালার বাইরে নিরালায়,
তবু আজও বুঝতে পারিনি- বাঁধভাঙ্গা নিস্তব্ধতা, এক জীবনের চাপা অভিমান-
   কি এমন লেখে ক্লান্ত রাতে প্রতিটি দিনের নেশায় তোমার ঘুম হারানো চোখের পাতায়।

কিন্তু এবার জানি- শুরু হবে ভাল সময়ের ফেরার পালা,
  সত্যি এবার বেঁচে থাকার আস্বাদে,সবুজ পৃথিবী দেখবে দেখো- অন্তহীন আনন্দের মিলন মেলা।

 মাদল, ঝুমুর, বাজবে-শেষবারের মতো আলোর রেশমী সুতোয় জড়িয়ে নেবো তোমায়।
সিঁদুর, আলতা, গোলাপী গুলালে- প্রেমিক হয়ে নতুনকে বরণ করবো স্বর্ণালী ভোরের আঙিনায়।

খুব জানি- এমন একটা চিঠি পেলে, বলবে যেমন আগে বলতে- আজগুবি লেখা, সময়ের অপচয়।
জানো- আমিও ঠিক আগের মতো সম্পূর্ণ বিশ্বাসে বলবো-
 
কখনো, কখনো ভোরের স্বপ্নও- বিশ্বাসে সত্যি হয়।


Post a Comment

9 Comments

  1. কী অসাধারণ লেখাটি ❤
    “কখনো কখনও ভোরের স্বপ্নও - বিশ্বাসে সত্যি হয়” একদম ঠিক কথা

    ReplyDelete
  2. ভোরের স্বপ্ন সত্যি হোক
    অপূর্ব লেখা

    ReplyDelete
  3. অপূর্ব একটি আশাময় কবিতা!

    ReplyDelete
  4. শেষ লাইনটা ভীষণ ভালো লাগলো। অসাধারণ লেখা ❤

    ReplyDelete
  5. শেষ লাইনটা ভীষণ ভালো লাগলো। অসাধারণ লেখা ❤

    ReplyDelete
  6. অসম্ভব ভালো লাগলো

    ReplyDelete