বদরুদ্দোজা শেখু




কালবোশেখী মেয়ে 
 বদরুদ্দোজা শেখু


বৃষ্টি এলো অসময়ে বৃষ্টি এলো ধেয়ে
হঠাৎ দেখি উঠলো নেচে কালবোশেখী মেয়ে
ধেই ধেই ধেই প্রলয় নাচন উড়নচণ্ডী খেলা,
দু'হাত তুলে হই হই হই নাচে বালক-বেলা ।

শেলা বাঘের গর্জন ওই আকাশ জুড়ে, শোনো---
কাঁপিয়ে দিলো সারা মেদিনী পাহাড় জঙ্গল বনও,
কোনো নিস্তার নাই গো এখন , ঘরের মধ্যে ঢুকো
নইলে বুঝি বাজ পড়বে, নিরাপদেই রুকো।

ডাকাবুকোর ধার ধারে না কালবোশেখী মেয়ে
ওলোট পালোট ক'রেই ছাড়বে জগৎটা একঘেয়ে
এবং তারই পরশ পেয়ে জেগে উঠবে নূতন
জীবন নিয়ে ধরিত্রী ফের, ত্যাগ ক'রে পুরাতন।

এমনি ক'রেই যুগ যুগান্তর কোটি লক্ষ বছর
জেগে উঠেছে এই অবনী অগ্নি পানি পাথর,
ধন্য রে তুই অগ্নিকন্যা কালবোশেখী মেয়ে --
একদিকে তুই রুদ্র ভয়াল,অন্যদিকে সবচেয়ে
আশীর্বাদী বাদশাজাদী ভূমন্ডলের রাণী
স্নেহে মমতায় ঝর্নাপরী  তৃষার মেহেরবানি ।।

Post a Comment

2 Comments