গল্প বলা - সুকুমার রায়

“এক যে রাজা”–”থাম্ না দাদা, 
 রাজা নয় সে, রাজ পেয়াদা৷” 
 “তার যে মাতুল”–”মাতুল কি সে?- 
 সবাই জানে সে তার পিশে” 
 “তার ছিল এক ছাগল ছানা”- 
 “ছাগলের কি গজায় ডানা?” 
 “একদিন তার ছাতের ‘পরে”- 
 “ছাত কোথা হে টিনের ঘরে?” 
 “বাগানের এক উড়ে মালী”- 
 “মালী নয়তো! মেহের আলী৷” 
 “মনের সাধে গাইছে বেহাগ”- 
 “বেহাগ তো নয়! বসন্ত রাগ৷” 
 
 “থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”- 
 “আচ্ছা বল, চুপ করেছি৷” 
 “এমন সময় বিছনা ছেড়ে, 
 হঠাৎ মামা আস্ল তেড়ে, 
 ধর্ল সে তার ঝুঁটির গোড়া”- 
 “কোথায় ঝুঁটি? টাক যে ভরা৷” 
 “হোক না টেকো তোর তাতে কি? 
 লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি! 
 ধর্ব ঠেসে টুঁটির ‘পরে, 
 পিটব তোমার মুণ্ড ধ’রে- 
 কথার উপর কেবল কথা, 
 এখন বাপু পালাও কোথা?”
 


Post a Comment

0 Comments